AdvertisementAdvertisement

সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে কুর্দি অধিকার ও এসডিএফের অন্তর্ভুক্তি নিয়ে দামেস্কে বারজানি ও আল-শারার বৈঠক

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর এই প্রথম কোনো কুর্দি নেতা হিসেবে দামেস্ক সফর করলেন ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের প্রেসিডেন্ট নেচিরভান বারজানি। সোমবার উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদল নিয়ে দামেস্কে পৌঁছালে পিপলস প্যালেসে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা-এর প্রতিবেদন অনুযায়ী, এরবিল ও দামেস্কের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সিরিয়ার নতুন প্রশাসনের সাথে ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকারের বেশ কয়েক মাসের কূটনৈতিক তৎপরতার ফলস্বরূপ এই সফর অনুষ্ঠিত হলো। এর আগে ২০২৫ সালের ১১ এপ্রিল এবং ২০২৬ সালের ১৭ এপ্রিল আন্টালিয়া কূটনীতি ফোরামের সাইডলাইনে বারজানি ও আল-শারা দুই দফা বৈঠক করেছিলেন। কুর্দিস্তান আঞ্চলিক প্রেসিডেন্সির এক বিবৃতিতে জানানো হয়েছে, সেই বৈঠকগুলোতে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং দামেস্ক ও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ-এর মধ্যকার সমঝোতা নিয়ে বিশদ আলোচনা হয়েছিল।

Advertisement
বিজ্ঞাপন

বর্তমান আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে এসডিএফ-কে সিরিয়ার রাষ্ট্রীয় কাঠামোয় একীভূত করার বিষয়টি। উত্তর-পূর্ব সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণকারী এই কুর্দি-নেতৃত্বাধীন বাহিনীটির ভবিষ্যৎ মর্যাদা নিয়ে দামেস্কের সাথে দীর্ঘ সময় ধরে আলোচনা চলছে। সিরিয়ার সরকার বাহিনীটিকে নিজেদের সামরিক কাঠামোর আওতায় আনার চেষ্টা করছে, অন্যদিকে কুর্দি প্রতিনিধিরা তাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকারের সুনির্দিষ্ট নিশ্চয়তা দাবি করছেন।

আল-হাদাসের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে সিরিয়ায় কুর্দিদের সাংবিধানিক অধিকার বিশেষ করে ভাষাগত অধিকার ও প্রশাসনিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। কুর্দি ভাষার অধিকার সংক্রান্ত ১৩ নম্বর ডিক্রি বাস্তবায়নের বিষয়টিও এজেন্ডায় গুরুত্ব পেয়েছে। সিরিয়ার নীতিনির্ধারকরা কুর্দি ভাষার শিক্ষা, পাঠ্যক্রম প্রণয়ন ও শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের অভিজ্ঞতাকে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেছেন।

Advertisement
বিজ্ঞাপন

সিরিয়ার রাজধানী সফরকালে বারজানি দেশটির কুর্দি কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকে বসবেন বলে কুর্দি গণমাধ্যম সূত্রে জানা গেছে। এসডিএফ কমান্ডারদের পাশাপাশি সিরিয়ার পার্লামেন্টে কুর্দি সদস্যদের সঙ্গেও তার মতবিনিময়ের কথা রয়েছে। কুর্দি গণমাধ্যমের তথ্যমতে, সিরিয়ার শিক্ষামন্ত্রীর এরবিল সফর এবং ইরাকের কুর্দি অঞ্চলে সিরিয়ার কনস্যুলেট পুনরায় খোলার উদ্যোগের ধারাবাহিকতায় এই সফর অনুষ্ঠিত হলো।

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সরকারি বাহিনী ও কুর্দি যোদ্ধাদের মধ্যে চলমান সংঘাতের এই সংবেদনশীল সময়ে বারজানির এই সফরকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন ভূ-রাজনীতি বিশ্লেষকরা। এর আগে বারজানি এরবিলে এসডিএফ কমান্ডার মাজলুম আবদি এবং উত্তর-পূর্ব সিরিয়ার প্রতিনিধিদের সাথে একাধিক বৈঠক করেছেন, যা আজকের এই উচ্চপর্যায়ের আলোচনার পথ প্রশস্ত করেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%