AdvertisementAdvertisement

বর্তমান ভূরাজনৈতিক সংকটে বিএনপি ছাড়া বিকল্প নেই নুরুল হক নুর

বর্তমান ভূরাজনৈতিক সংকটে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার জন্য বিএনপি ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। সোমবার দুপুরে ঢাকা কলেজের শহিদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসন অবসানের পর বর্তমান সরকার ক্ষমতায় এসেছে মাত্র ছয় মাস। এই সময়ে যদি ক্রমাগত আন্দোলন ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়, তবে দেশ পরিচালনার ভার কার কাঁধে পড়বে। বর্তমান বাস্তবতায় বাংলাদেশকে এই সংকটময় পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা কেবল বিএনপিরই রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

আওয়ামী লীগের শাসনামলের কঠোর সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ক্ষমতার টিকে থাকার জন্য বিগত সরকার মাত্র এক মাসে দুই হাজার মানুষকে হত্যা করেছে। এই দলটি পুনরায় ক্ষমতায় ফিরলে দেশের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে, যা আমাদের জন্য আত্মঘাতী হবে। তিনি উসকানিমূলক আন্দোলনের মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার প্রচেষ্টাকে নিজেদের পায়ে কুড়াল মারার সঙ্গে তুলনা করেন।

জ্বালানি সংকটের মতো জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান সরকারের ভূমিকার প্রশংসা করে নুরুল হক নুর বলেন, কোনো ভুল পদক্ষেপ নিলে প্রতিমন্ত্রী হিসেবে তিনি ব্যক্তিগতভাবে তার বিরোধিতা করবেন। তিনি তরুণদের প্রতি আহ্বান জানান যেন তারা গঠনমূলক সমালোচনা এবং সঠিক পন্থায় সরকারের দুর্বলতাগুলো তুলে ধরেন। তবে আলোচনার কেন্দ্রে থাকার জন্য অশ্রাব্য ভাষা বা মব জাস্টিসের মতো বিশৃঙ্খল পরিস্থিতি কাম্য নয়।

Advertisement
বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শহিদের রক্তের ঋণ শোধ করার এখনই সময়। আমাদের আর রক্ত দেওয়ার স্লোগান দেওয়ার প্রয়োজন নেই, বরং আগামী চার বছর দেশের স্থিতিশীলতা বজায় রেখে শহিদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। রাজপথে নেতৃত্বদানকারীদের জাতীয় স্বার্থে মতভেদ ভুলে আপসহীন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

উক্ত আলোচনা সভায় ঢাকা কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নোমান আলম মুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। সভায় প্রধান আলোচক হিসেবে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান এবং বিশেষ আলোচক হিসেবে সাধারণ সম্পাদক সানাউল্লাহ হকসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ নেন।

0%
0%
0%
0%