টাঙ্গাইলের সখিপুরে মাদ্রাসার ২৮ শিক্ষার্থী অসুস্থ রহস্যজনক ঘটনায় এলাকায় আতঙ্ক

টাঙ্গাইলের সখীপুর উপজেলার আড়াইপাড়া এলাকার আল কুরআন আইডিয়াল মাদ্রাসায় রহস্যজনক এক ঘটনায় একসঙ্গে ২৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটলে মাদ্রাসা প্রাঙ্গণসহ পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসুস্থদের মধ্যে শিক্ষার্থী শাহরিন ও অভিভাবক চৈতিকে দ্রুত উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ঘটনার কিছুক্ষণ আগে এক অজ্ঞাতপরিচয় ভিক্ষুক মাদ্রাসায় এসে ভিক্ষা চান। তিনি চলে যাওয়ার প্রায় ২০ মিনিট পরই প্লে শ্রেণির শিক্ষার্থীরা একে একে অসুস্থ হতে শুরু করে। আক্রান্তদের মধ্যে কেউ অস্বাভাবিক আচরণ করতে থাকে, আবার কেউ প্রচণ্ড মাথা ঘোরা, দুর্বলতা ও কান্নাকাটিতে ভেঙে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে অন্য শিক্ষার্থীদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শিক্ষার্থী শাহরিনের বাবা মো. শহিদুল ইসলাম জানান, ভিক্ষুক চলে যাওয়ার পরপরই শিশুদের মধ্যে অদ্ভুত শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায়। এটি কোনো নেশাজাতীয় বা অজানা বিষাক্ত কিছুর প্রভাব হতে পারে বলে তিনি ধারণা করছেন। মাদ্রাসার শিক্ষক মাওলানা সাহেদও একই আশঙ্কার কথা জানিয়ে বলেন, শিশুদের উপসর্গগুলো কোনো বিষক্রিয়ার লক্ষণের সাথে মিলে যাচ্ছে।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে ভর্তি দুজনের চিকিৎসা চলছে এবং অসুস্থতার প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় অভিভাবকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত রহস্য উদঘাটন ও দায়ী ব্যক্তিকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
