সালথায় সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু

ফরিদপুরের সালথা উপজেলার পিসনাইল ও সোনাতন্দী গ্রামে পৃথক ঘটনায় সাপের কামড়ে এক গৃহবধূ ও এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ও দুপুরে উপজেলার প্রত্যন্ত এ দুই গ্রামে বিষধর সাপের দংশনে প্রাণহানির এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পিসনাইল গ্রামের প্রেমানন্দ মণ্ডলের স্ত্রী সরস্বতী মণ্ডল (৪২) ও সোনাতন্দী গ্রামের সাইদুল মোল্লার তিন বছর বয়সী কন্যা শিশু সাকিবা আক্তার। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে ইঁদুরের গর্তে অসাবধানতাবশত পা দিলে সরস্বতী মণ্ডলকে বিষধর সাপ দংশন করে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, তবে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
একই দিন বাড়ির আঙিনায় খেলাধুলার সময় গর্তে হাত দিলে শিশু সাকিবা আক্তারকেও সাপে কামড় দেয়। ঘটনার পরপরই শিশুটির শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা দিলে পরিবারের লোকজন প্রথমে তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজ সাপ দংশনের আলামত নেই বলে আশ্বস্ত করলেও দ্রুত শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন জানান, বর্ষা মৌসুমে পানি বাড়ার ফলে এলাকায় সাপের উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। একের পর এক এ ধরনের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা এলাকায় সাপের উপদ্রব নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
