বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ তিন জন গুরুতর দগ্ধ হয়েছেন। সোমবার ভোর ৬টার দিকে স্থানীয় শাহ আলম হাওলাদারের বাড়িতে এ আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, কন্যা ইতি এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাতি ফাহিম অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় পতিত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আহতদের উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণের সুপারিশ করেন।
ঘটনার খবর পেয়ে বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান এবং জেলা প্রশাসক মো. মামুন খন্দকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। তারা আহতদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং সরকারি খরচে তাদের উন্নত চিকিৎসার নিশ্চয়তা প্রদান করেন। বিভাগীয় কমিশনারের তাৎক্ষণিক সহায়তায় ও সরকারি অ্যাম্বুলেন্সে করে সোমবার সন্ধ্যায় দগ্ধদের ঢাকায় পাঠানো হয়।
এদিকে বিস্ফোরণের পরপরই বরিশাল জেলা পুলিশ সুপার এ.জেড.এম মোস্তাফিজুর রহমানসহ বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে পুলিশ প্রশাসন ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
