মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়া ও চীন সফর শেষে ছয় দিনের সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বিদেশ সফর। শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিসভার সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, সংসদ সদস্যরা এবং সরকারের পদস্থ কর্মকর্তারা। এছাড়া দলীয় প্রধানকে বরণ করে নিতে বিমানবন্দরে বিএনপির জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন। এর আগে স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ প্রতিনিধিদলের সদস্যরা দেশে ফিরেছেন।
চীন সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। কৌশলগত অংশীদারিত্ব জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে সফরটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।
চীনের আগে তিনি ২১ জুন মালয়েশিয়া পৌঁছান এবং সেখানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন। দুই নেতার একান্ত ও দ্বিপক্ষীয় আলোচনায় শ্রমবাজার, বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পায়। কুয়ালালামপুর থেকে গত সোমবার স্থানীয় সময় বিকেল ৫টায় তিনি চীনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।