টঙ্গীতে ৫০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি কারিমা গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার হিমারদীঘি আমতলী কেরানীরটেক বস্তিতে বিশেষ অভিযান চালিয়ে কারিমা বেগম (৪১) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পরিচালিত এই অভিযানে তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃত কারিমা ওই এলাকার মৃত কাদির মিয়ার মেয়ে।
গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, টঙ্গীর বিভিন্ন এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণকারী কারিমার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ হত্যা চেষ্টা, চুরি ও মারধরের মতো গুরুতর অভিযোগে মোট ছয়টি মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে তাকে গাজীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।