কঙ্গনা রানাওয়াতের সমালোচনার কড়া জবাব দিলেন সৌরভ দাস টেনে আনলেন হৃতিক রোশনের প্রসঙ্গ

বলিউডের বিতর্কিত অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত এবং ‘কাকরোচ জনতা পার্টি’র মুখপাত্র সৌরভ দাসের মধ্যকার বাকযুদ্ধ এখন শোবিজপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে। কঙ্গনার একের পর এক আক্রমণাত্মক মন্তব্যের জবাবে এবার রীতিমতো বিস্ফোরক এক দাবি করে বসেছেন সৌরভ। এক সাক্ষাৎকারে তিনি অত্যন্ত চতুরতার সঙ্গে ইঙ্গিত দিয়েছেন যে, কঙ্গনার এই ক্ষোভের মূলে হয়তো লুকিয়ে আছে অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তাঁর চেহারার সাদৃশ্য। সৌরভের দাবি, তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের মতে, তরুণ বয়সের হৃতিকের সঙ্গে তাঁর শারীরিক গঠনের দারুণ মিল রয়েছে। আর হৃতিক-কঙ্গনার পুরনো তিক্ত সম্পর্কের ইতিহাস যেহেতু কারো অজানা নয়, তাই সৌরভের এই রসবোধপূর্ণ মন্তব্যে নতুন করে উত্তাপ ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিজ্ঞাপন

কঙ্গনা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌরভকে ‘অকর্মণ্য ও বেকার’ বলে কটাক্ষ করেন, তখন তার পাল্টা জবাব দিতে গিয়ে সৌরভ জানান, তাঁর বন্ধুরা তাঁকে বার্তা পাঠিয়ে কৌতুক করে জিজ্ঞেস করেছেন যে, অভিনেত্রী কেন তাঁর পেছনে উঠেপড়ে লেগেছেন। সৌরভের মতে, কঙ্গনার এই অহেতুক ব্যক্তিগত আক্রমণ কোনো দায়িত্বশীল সংসদ সদস্যের শোভা পায় না। তিনি কঙ্গনাকে ‘টেক আ চিল পিল’ অর্থাৎ একটু শান্ত হওয়ার পরামর্শ দিয়ে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছেন।

সৌরভ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন কঙ্গনার বেকারত্বের অভিযোগ। তিনি জানান, গুগল হয়তো অভিনেত্রীকে ভুল তথ্য দিচ্ছে; তিনি কর্মঠ এবং নিজের উপার্জনেই স্বচ্ছল জীবনযাপন করেন। তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে কঙ্গনার ‘নর্দমা’ বা ‘তেলাপোকা’ জাতীয় মন্তব্যের তীব্র সমালোচনা করে সৌরভ বলেন, একজন জননেত্রীর কাছ থেকে এমন কুরুচিপূর্ণ ভাষা প্রত্যাশিত নয়।

তবে বিবাদের রেশ থাকলেও সৌরভের কণ্ঠে ছিল আপোষের সুর। তিনি জানিয়েছেন, কঙ্গনা চাইলে সমস্ত তিক্ততা ভুলে তিনি তাঁর সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে বা এক কাপ কফি খেতেও প্রস্তুত। জেন-জি বিক্ষোভকারীদের নিয়ে কঙ্গনার বিতর্কিত মন্তব্যের সূত্রপাত হওয়া এই বিবাদ এখন হৃতিক রোশনের নাম জড়িয়ে এক ভিন্ন মাত্রা পেল। কঙ্গনার পক্ষ থেকে এই মন্তব্যের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া না গেলেও, সৌরভের এই রসিকতায় সরগরম নেটপাড়া।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%