AdvertisementAdvertisement

মঠবাড়িয়ায় যুবক হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রাকিবুল কাজী নামের এক তরুণকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মঠবাড়িয়ার ঘোপখালী গ্রামের মো. কামরুল আকন এবং চরকখালী গ্রামের মো. সোহাগ হাওলাদার।

রায়ে আদালত প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন। অনাদায়ে তাদের আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. ইউসুফ আকন নামের অপর এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি পলাতক ছিলেন বলে আদালত সূত্রে জানা গেছে।

Advertisement
বিজ্ঞাপন

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৭ মে বিকেলে মঠবাড়িয়া উপজেলার বেতমোর বাজারে পূর্বশত্রুতার জেরে মো. হালিম কাজীর ছেলে রাকিবুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে হামলাকারীরা। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে সাক্ষ্য ও জেরা শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আবুল কালাম আকন এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী আহসানুল কবির বাদল। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%