AdvertisementAdvertisement

ফটিকছড়িতে জমিতে ধানের চারা রোপণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামে জমিতে ধানের চারা রোপণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোস্তাকিম নামের এক কৃষিশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ৬ নম্বর ওয়ার্ডের সন্যাসীরহাট সংলগ্ন কৃষি জমিতে এ দুর্ঘটনা ঘটে। ৩৫ বছর বয়সী মোস্তাকিম নেত্রকোনা জেলার রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি জীবিকার সন্ধানে ফটিকছড়িতে কৃষি শ্রমিকের কাজ করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মোস্তাকিমসহ তিন শ্রমিক ওই জমিতে ধান রোপণের জন্য নামেন। পূর্ব থেকেই বিদ্যুতের একটি তার ছিঁড়ে জমির পানিতে পড়ে থাকলেও তা শ্রমিকদের নজরে পড়েনি। কাজ করার একপর্যায়ে মোস্তাকিম অসাবধানতাবশত বিদ্যুৎবাহী পানির সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আজম জানিয়েছেন, জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তার সম্পর্কে আগে থেকে কোনো ধারণা না থাকায় শ্রমিকরা দুর্ঘটনার কবলে পড়েন। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় স্থানীয়রা শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও এলাকাবাসী এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%