নাম বদলাল কন্যাশ্রী ও সবুজ সাথী, নতুন নাম কন্যারত্ন ও সারথী প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পগুলির নতুন পরিচিতি প্রদানের ধারাবাহিকতায় এবার আরও দুটি জনপ্রিয় সরকারি প্রকল্পের নাম পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ভারতর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, পূর্ববর্তী সরকারের আমলে চালু হওয়া ‘কন্যাশ্রী’ প্রকল্পের নতুন নাম এখন থেকে হবে ‘কন্যারত্ন’ এবং স্কুল শিক্ষার্থীদের সাইকেল বিতরণকারী ‘সবুজ সাথী’ প্রকল্পের নতুন নাম রাখা হচ্ছে ‘সারথী’।
মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে, প্রকল্পের নাম পরিবর্তন করা হলেও এর মাধ্যমে প্রাপ্য সুবিধাভোগীদের সুযোগ-সুবিধা বা আর্থিক সহায়তার ধরনে কোনো কাটছাঁট করা হবে না। ছাত্রছাত্রীদের কল্যাণে গৃহীত এই কর্মসূচিগুলো আগের মতোই সচল থাকবে এবং খুব শীঘ্রই এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে। তিনি জোর দিয়ে বলেন, শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় এবং তাদের শিক্ষা জীবনকে আরও গতিশীল করতে সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।
২০১৩ সালে প্রবর্তিত ‘কন্যাশ্রী’ প্রকল্পটি মূলত ছাত্রীদের স্কুলছুট রোধ ও তাদের আর্থিক স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে গ্রহণ করা হয়েছিল। আন্তর্জাতিক অঙ্গনেও সমাদৃত এই প্রকল্পের আওতায় ১৩ থেকে ১৮ বছর বয়সি কিশোরীরা প্রতি বছর ১ হাজার টাকা এবং ১৮ বছর পূর্ণ হওয়ার পর অবিবাহিত থাকা সাপেক্ষে এককালীন ২৫ হাজার টাকা অনুদান পেয়ে থাকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পূর্বে যে ১৪ অগাস্ট তারিখটি কন্যাশ্রী দিবস হিসেবে পালিত হতো, সেটি এখন ‘কন্যারত্ন’ দিবস হিসেবেই উদযাপিত হবে।
অন্যদিকে, পড়ুয়াদের যাতায়াতের সুবিধার জন্য বিনামূল্যে সাইকেল বিতরণের ‘সবুজ সাথী’ প্রকল্পটিও নতুন নামে ‘সারথী’ হিসেবে পরিচিত হবে। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই বর্তমান সরকার আগের প্রশাসনের জনকল্যাণমূলক প্রকল্পগুলো বন্ধ না করে নতুন পরিচয়ে এগিয়ে নেওয়ার নীতি গ্রহণ করেছে। লক্ষ্মীর ভান্ডারকে অন্নপূর্ণা যোজনায় রূপান্তর এবং যুবসাথীকে যুবশক্তিতে নামকরণের ধারাবাহিকতায় এই দুটি প্রকল্পের নাম পরিবর্তন সেটিরই সর্বশেষ সংযোজন।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস
