নিরাপত্তা বাহিনীর পোশাক নিয়ে বিদ্রূপ, ক্ষমা চাইলেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার শ্রদ্ধা সিং

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি আয়োজিত ছাত্র আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার শ্রদ্ধা সিং। র্যাপিড অ্যাকশন ফোর্সের জওয়ানদের পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্গাত্মক ভিডিও প্রকাশের পর দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলে শেষ পর্যন্ত তিনি ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। তবে নিজের বক্তব্যের সপক্ষে সাফাই গেয়ে তিনি দাবি করেছেন, কোনো অসৎ উদ্দেশ্য থেকে তিনি এই কাজ করেননি।
ইনস্টাগ্রামে তিন লক্ষাধিক অনুসারী থাকা এই ইনফ্লুয়েন্সার প্রতিবাদস্থল থেকে একটি ভিডিও ধারণ করেন, যেখানে নীল রঙের ক্যামোফ্লেজ পোশাক পরিহিত আরএএফ জওয়ানদের উপস্থিতিতে তিনি একটি টয়লেট ক্লিনারের বিজ্ঞাপনের অনুকরণ করতে থাকেন। ভিডিওতে জওয়ানদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এই নীল পোশাক টয়লেট পরিষ্কারের জন্য এবং নিজের লাল পোশাক দেখিয়ে বলেন, সেটি বাথরুম পরিষ্কারের জন্য। ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়লে নেটিজেনরা নিরাপত্তা বাহিনীর অবমাননার দায়ে তাঁকে কাঠগড়ায় দাঁড় করান।
তীব্র জনরোষ এবং আইনি জটিলতার আশঙ্কায় শ্রদ্ধা সিং পরবর্তীতে ভিডিওটি মুছে ফেলেন এবং নিজের ভুল স্বীকার করে একটি ক্ষমাপ্রার্থনার ভিডিও প্রকাশ করেন। তিনি দাবি করেন, ভিডিও পোস্ট করার এক ঘণ্টার মধ্যেই তিনি নিজের ভুল বুঝতে পেরেছিলেন। এছাড়া কিছু অনলাইন পেজ টাকার বিনিময়ে তাঁর ভিডিওটি ছড়িয়ে দিচ্ছে বলেও তিনি অভিযোগ তুলেছেন। এনডিটিভির সাথে আলাপকালে শ্রদ্ধা জানান, এই ঘটনার পর থেকেই তিনি সামাজিক মাধ্যমে লাগাতার ধর্ষণ ও মৃত্যুর হুমকি পাচ্ছেন।
নিজের পক্ষ সমর্থন করে তিনি আরও বলেন, কেবল একটি বিজ্ঞাপনের আইডিয়া থেকে তিনি ওই ভিডিওটি তৈরি করেছিলেন এবং জওয়ানদের অসম্মান করার কোনো অভিসন্ধি তাঁর ছিল না। তাঁকে ভিডিও মুছে ফেলতে কেউ বাধ্য করেনি দাবি করে শ্রদ্ধা জানান, ব্যক্তিগত অনুশোচনা থেকেই তিনি ক্ষমা চেয়ে নতুন করে বিবৃতি দিয়েছেন। উল্লেখ্য, সর্বভারতীয় নিট পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে সিজেপি-এর নেতৃত্বে আয়োজিত ওই বিক্ষোভে অংশগ্রহণকারী কয়েকজন ইনফ্লুয়েন্সারের মধ্যে শ্রদ্ধা সিং অন্যতম ছিলেন।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস
