সরকারি চাকরিতে লিখিত নম্বর কমানোর ষড়যন্ত্রের প্রতিবাদে খুলনায় ছাত্রশিবিরের মানববন্ধন

খুলনা নগরীতে সরকারি চাকরির নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখার উদ্যোগে নগরীর শিববাড়ি মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক সময়ে নিয়োগ প্রক্রিয়ায় দলীয়করণ, স্বজনপ্রীতি ও ঘুষ-দুর্নীতির আশঙ্কায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার বিকেলে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর শাখার সভাপতি রাকিব হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রশিবিরের মহানগর, ক্যাম্পাস ও থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মহানগর সভাপতি ও দৌলতপুর থানা জামায়াতের আমীর মুশাররফ আনসারী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাবেক মহানগর সভাপতি ও সোনাডাঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম। বক্তারা নিয়োগ প্রক্রিয়ায় ঘুস-দুর্নীতি ও স্বজনপ্রীতির যেকোনো অপচেষ্টা অবিলম্বে বন্ধ করার জোরালো দাবি জানান।

বক্তারা আরও অভিযোগ করেন যে, লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর মূল উদ্দেশ্য হলো মেধাভিত্তিক নিয়োগ বঞ্চিত করে নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়া। এই ধরনের বৈষম্যমূলক ও ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সাধারণ শিক্ষার্থীরা কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়। পরিশেষে, স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান উপস্থিত নেতৃবৃন্দ।

০%
০%
০%
০%