চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষমূলক পোস্ট দেওয়ার অভিযোগে প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত শুক্রবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় এই শাস্তিমূলক সিদ্ধান্ত গৃহীত হয় এবং রোববার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হাসান মিয়া।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৩ জুলাই ড. আবদুল ওয়াহেদ চৌধুরী নিজের ফেসবুক আইডিতে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে একটি কটাক্ষমূলক পোস্ট দেন। পরবর্তীতে গত ১১ জুলাই ওই পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চাকসুর নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
পরিস্থিতির প্রেক্ষাপটে গত ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে (অ্যাকাডেমিক) আহ্বায়ক করে তিন সদস্যের একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। গঠিত ওই কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা লাভ করার পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রদান করে।
অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া। একই সঙ্গে এই পুরো বিষয়টি অধিকতর গভীরভাবে তদন্ত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নতুন আরেকটি কমিটি গঠন করা হয়েছে।
ক্যাম্পাসে আওয়ামীপন্থী শিক্ষক হিসেবে পরিচিত ড. আবদুল ওয়াহেদ ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক পদে যোগদান করেছিলেন। পরবর্তীতে তিনি ক্রমান্বয়ে ২০১৪ সালে সহকারী অধ্যাপক ও ২০২১ সালে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন এবং ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেন।