জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী স্কাউটদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা শিক্ষামন্ত্রীর

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী স্কাউট শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি ঘোষণা করেন যে, মেধাবী স্কাউটদের উৎসাহ প্রদানের লক্ষ্যে শিক্ষা বাজেট থেকে ৫ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হবে।

অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৮০ জন স্কাউট ও রোভার স্কাউটকে সংবর্ধনা জানানো হয়। প্রতিটি মেধাবী শিক্ষার্থীকে পদক ও অভিনন্দনপত্রের পাশাপাশি যাতায়াত খরচ ও অনলাইনে ২ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শিক্ষামন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা জনসেবা, নেতৃত্ব ও দেশপ্রেমের দীক্ষা পায়, যা ভবিষ্যতের যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে সহায়তা করে।

শিক্ষামন্ত্রী আরও জানান, বর্তমান সরকার আগামী দিনের বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে, যার নেতৃত্ব দেবে আজকের শিক্ষার্থীরা। তিনি শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না থেকে নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার চর্চা করার আহ্বান জানান। এছাড়া মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয় রোধে প্রাথমিক পর্যায় থেকেই খেলাধুলা ও ‘লার্নিং হ্যাপিনেস’-এর মতো কর্মসূচি কারিকুলামে অন্তর্ভুক্ত করার কথা তিনি পুনর্ব্যক্ত করেন।

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ড্রেস, মিড-ডে মিল ও ফুটবল প্রতিযোগিতার মতো উদ্যোগ নেওয়া হয়েছে। স্কাউট ও বিএনসিসির জন্য আলাদা স্কিম গ্রহণের মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে যোগ্য ও মানবিক প্রজন্ম গড়ার কাজ অব্যাহত রয়েছে। যারা কাঙ্ক্ষিত ফলাফল করতে পারেনি, তাদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে তিনি জানান, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার পূর্ণ বিকাশে সরকার সব ধরনের সহায়তার দ্বার উন্মুক্ত রেখেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন উপ প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করতে অনুপ্রাণিত করার লক্ষ্যেই নিয়মিতভাবে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

০%
০%
০%
০%