চবি সোহরাওয়ার্দী হলে সিট দখলের চেষ্টা ও প্রভোস্টকে হুমকির ঘটনায় শিক্ষার্থীদের স্মারকলিপি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে অবৈধভাবে সিট দখল ও হল প্রভোস্টকে হুমকির অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন হলের আবাসিক শিক্ষার্থীরা। এ সময় হল সংসদের ভিপি নেয়ামতুল্লাহ আল ফারাবী ও জিএস নূরনবী সোহান উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন যে, সম্প্রতি ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী হলে অবৈধভাবে সিট দখলের অপচেষ্টা চালিয়েছেন। এই ঘটনার রেশ ধরে ছাত্রদলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান হল সংসদের সভাপতি এবং হল প্রভোস্টকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন বলে দাবি করা হয়েছে।

শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করে জানান, আবাসিক হলে বলপ্রয়োগ ও প্রভাব বিস্তারের মাধ্যমে সিট দখলের চেষ্টা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম ও শৃঙ্খলার পরিপন্থী। একজন প্রশাসনিক দায়িত্বে থাকা প্রভোস্টকে হুমকি দেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশের জন্য চরম আশঙ্কাজনক এবং কোনোভাবেই কাম্য নয়।

স্মারকলিপিতে অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে কোনো গোষ্ঠী যেন ক্ষমতার অপব্যবহার বা অবৈধ দখলদারিত্ব কায়েম করতে না পারে, সেজন্য কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। একই সঙ্গে, পদত্যাগ করা সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল মান্নানকে পুনরায় স্বপদে বহাল করার দাবিও তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা।

০%
০%
০%
০%