চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যম শাটল ট্রেনের বেহাল দশা দূর করতে এবং এর পূর্ণাঙ্গ সংস্কারের জোরালো দাবি জানানো হয়েছে। এই দাবিতে গত রোববার বিকেলে রাজধানী ঢাকার জাতীয় সংসদ সচিবালয়ে অবস্থিত রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহকারী সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক রেলপরামর্শক ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বরাবর এই স্মারকলিপি পেশ করেন। সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত দুর্ভোগ ও যাতায়াত সংকট নিরসনে এই উদ্যোগ নেওয়া হয়।
স্মারকলিপিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে শাটল ট্রেনের বিভিন্ন সংকট নিরসনে ছয়টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে ট্রেনের কোচ ও সংখ্যা বৃদ্ধি, লুপ লাইনের দৈর্ঘ্য সম্প্রসারণ, নিয়মিত শিডিউল বিপর্যয় রোধ, যান্ত্রিক ত্রুটি দ্রুত মেরামত, নিরাপত্তাব্যবস্থার আধুনিকায়ন এবং যাত্রীসেবা নিশ্চিতকরণ।
আইয়ুবুর রহমান তৌফিক জানান, শাটল ট্রেনের ইঞ্জিনের নানা ত্রুটির কারণে প্রায়ই শিডিউল বিপর্যয় ঘটে, যার ফলে শিক্ষার্থীরা সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে ব্যর্থ হন। তিনি আরও উল্লেখ করেন যে, রেল প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের সমস্যাগুলো মনোযোগ সহকারে শুনেছেন এবং দ্রুত সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
শিক্ষার্থীদের ঝুঁকিমুক্ত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত না হওয়া পর্যন্ত এই তদারকি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ছাত্রনেতৃত্ব। সাধারণ শিক্ষার্থীদের নিরাপদ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপের জোর দাবি জানিয়েছেন তারা।