রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের রামেশ্বরপাড়ায় আকাশ ভেদ করে রিমোট নিয়ন্ত্রিত বিমান উড়িয়ে তাক লাগিয়ে দিয়েছে ১৫ বছর বয়সী কিশোর সামিউল ইসলাম। গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় একটি মাঠে তার নিজ হাতে তৈরি এই বিমানটি সফলভাবে আকাশে ওড়ানোর পর থেকেই চারদিকে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির এই শিক্ষার্থীর এমন উদ্ভাবনী প্রতিভা দেখতে দূর-দূরান্ত থেকে কৌতূহলী মানুষ ভিড় জমাচ্ছেন।
ছোটবেলা থেকেই আকাশে উড়ন্ত বিমান দেখলে তীব্র কৌতূহল জাগত সামিউলের মনে। সেই সুপ্ত আগ্রহ থেকেই সে ইউটিউবে বিমান তৈরির কৌশল নিয়ে বিভিন্ন ভিডিও দেখা শুরু করে। কেবল ভিডিও দেখে ক্ষান্ত না থেকে সে নিজের টিফিনের জমানো টাকা এবং পরবর্তীতে বাবা ও চাচার সহায়তায় প্রায় ১৫ হাজার টাকা সংগ্রহ করে। দীর্ঘ এক মাসের অক্লান্ত পরিশ্রমে ২২০০ কেভির একটি মোটর যুক্ত করে ৫৪ ইঞ্চি দৈর্ঘ্যের এই রিমোট কন্ট্রোল বিমানটি তৈরি করে সে। তার দাবি, প্রায় এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় আকাশে ডানা মেলতে সক্ষম এই বিমানটি। শুরুতে পড়াশোনার ক্ষতি ও সময় অপচয়ের আশঙ্কায় পরিবারের তরফ থেকে বাধা ও ধমক আসলেও অদম্য মনোবল নিয়ে সে তার লক্ষ্য অর্জন করে।
সামিউলের এই ব্যতিক্রমী সাফল্যে মুগ্ধ তার সহপাঠী, শিক্ষকসহ পুরো এলাকাবাসী। তার সহপাঠী রবিউল ইসলাম জানান, তাদের সহপাঠীর এমন সাফল্যে পুরো স্কুল গর্বিত। সামিউলের মা আমেনা বেগম আনন্দের সঙ্গে জানান, তার ছেলে অসম্ভব মেধাবী এবং তিনি সরকারের কাছে আবেদন জানান যেন উপযুক্ত পৃষ্ঠপোষকতা দিয়ে তার ছেলের স্বপ্ন পূরণে সহায়তা করা হয়। বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হামিদ বলেন, অত্যন্ত শান্ত স্বভাবের এই কিশোরের এমন প্রতিভা সত্যিই প্রশংসনীয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, প্রত্যন্ত অঞ্চলে আধুনিক গবেষণার সুযোগ না থাকলেও সামিউলের প্রবল আগ্রহ ও শেখার স্পৃহা তাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। বিজ্ঞানমনস্ক এমন ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রচেষ্টাকে এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরি। সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর জেলার সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু বলেন, অতীতে সঠিক মূল্যায়নের অভাবে অনেক প্রতিভার বিকাশ থমকে গেছে। তাই সামিউলের এই প্রচেষ্টাকে যথাযথ মূল্যায়ন ও তদারকি করা হলে তা দেশের তরুণ প্রজন্মকে আরও বেশি অনুপ্রাণিত করবে।