শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের রাঢ়ি বাড়ি এলাকায় ব্রিজ থেকে পড়ে পানিতে ডুবে মালিহা নামের তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ঘটে যাওয়া এই আকস্মিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশু মালিহা কাইচকুড়ি এলাকার মুকুল হাওলাদারের মেয়ে বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে শিশু মালিহা তার ভাই-বোনদের সঙ্গে উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবাই মিলে দৌড় দিয়ে বাড়ির পাশের একটি ব্রিজে উঠলে হাতল না থাকার কারণে সে হঠাৎ নিচে খালে পড়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা খালাতো ভাই আব্দুল্লাহ দ্রুত বাড়িতে গিয়ে খবর দিলে পরিবারের লোকজন খালের পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন।
পরবর্তীতে মুন্সি বাড়ির ঘাট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয় এবং সিড্যা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রুবেলের সহায়তায় ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান যে তারা ঘটনাটি শুনেছেন এবং প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। এমন অরক্ষিত ও হাতলহীন ব্রিজের কারণে ঘটে যাওয়া এই অনভিপ্রেত মৃত্যুর দ্রুত সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।