নরসিংদীতে পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলে গ্রেপ্তার

নরসিংদীর শিবপুর উপজেলার ভরতেরকান্দি এলাকায় পারিবারিক বিরোধের জেরে বাবাকে নৃশংসভাবে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত ছেলে শাকিল চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে শিবপুর মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বাবা ও ছেলে একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। ভোরে চিৎকারের শব্দ শুনে পাশের কক্ষে থাকা স্ত্রী সখিনা বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা ওই কক্ষে গিয়ে দেখতে পান যে শাকিল তার বাবাকে ছুরিকাঘাত করছেন। এ সময় বাধা দিতে গেলে মা সখিনা বেগম ও অপর ভাই নুরুন্নবী রাশেদকেও কুপিয়ে আহত করে পালিয়ে যান শাকিল। এতে ঘটনাস্থলেই কবিরাজ পেশার আব্দুল বাছেদ মারা যান।

ঘটনার পর নিহত ব্যক্তির অপর ছেলে নুরুন্নবী রাশেদ বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শিবপুর মডেল থানা পুলিশ ও জেলা পুলিশের একটি বিশেষ টিম শুক্রবার রাতে গাজীপুরের পূবাইল থানার হায়দরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত শাকিল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ জানায়, হত্যায় ব্যবহৃত রক্তাক্ত ছুরিটি নিহত আব্দুল বাছেদের পেট থেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কুড়াল অভিযুক্ত শাকিলের শয়নকক্ষ থেকে জব্দ করা হয়েছে। পারিবারিক বিরোধের সঠিক সূত্রপাত এবং এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ সম্মেলনে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় ও ভুক্তভোগী পরিবার এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

০%
০%
০%
০%