AdvertisementAdvertisement

হাতীবান্ধায় ওসি রমজানের অপসারণ দাবিতে জামায়াতের সড়ক অবরোধ ও বিক্ষোভ

লালমনিরহাটের হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলীর অপসারণের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সোমবার বিকেলে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া মোড় এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। জামায়াত নেতা আফাছ উদ্দিনকে মারধরের ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতাকে আটকের পর কোনো ধরনের মামলা ছাড়াই ছেড়ে দেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই সন্ধ্যায় উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ডাকালিবান্ধা বাজারে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে জামায়াত নেতা আফাছ উদ্দিন ও স্থানীয় বিএনপির সদস্য সচিব ইউপি সদস্য আশরাফ উদ্দিনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আফাছ উদ্দিন গুরুতর আহত হলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত আশরাফ উদ্দিনকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে হাতীবান্ধা থানার ওসি রমজান আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশরাফ উদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে যান। তবে গভীর রাতে কোনো মামলা গ্রহণ না করেই অভিযুক্ত বিএনপি নেতাকে ছেড়ে দেওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

Advertisement
বিজ্ঞাপন

উপজেলা জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ঘটনার দিন ওসি রমজান আলী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে জামায়াতের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেছিলেন। জামায়াতের পক্ষ থেকে উত্তেজিত জনতাকে শান্ত করার পর ওসি অভিযুক্ত আশরাফ উদ্দিনকে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে পক্ষপাতমূলক আচরণের মাধ্যমে গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দলটির নেতাকর্মীরা অবিলম্বে ওসি রমজান আলীর অপসারণের দাবি জানিয়েছেন। এ সময় হাতীবান্ধা উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%