AdvertisementAdvertisement

সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, নিখোঁজ তিনজনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার পশ্চিম ভবানীপুর এলাকার মইয়ার হাওরের বালুচর নামক স্থানে নৌকাডুবির ঘটনায় দুই সহোদরসহ তিন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। শুক্রবার গভীর রাতে ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৩১ জুলাই রাতে জগন্নাথপুরের পূর্ব ভবানীপুর গ্রাম থেকে বেশ কয়েকজন ভক্ত পাশের ভরাউট গ্রামে আয়োজিত কীর্তন অনুষ্ঠানে অংশ নিতে যান। অনুষ্ঠান শেষে রাত আনুমানিক তিনটার দিকে দুটি নৌকায় করে বাড়ি ফেরার সময় মইয়ার হাওরের বালুচর নামক স্থানে পৌঁছালে একটি নৌকা আকস্মিক ডুবে যায়।

Advertisement
বিজ্ঞাপন

এ সময় নৌকাটিতে থাকা নয়জন যাত্রীর মধ্যে পাঁচজন সাঁতরে ভবানীপুর সড়কের তীরে উঠে প্রাণে বাঁচতে সক্ষম হলেও চারজন হাওরের গভীর পানিতে তলিয়ে যান। ঘটনার পর স্থানীয়রা একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারলেও অপর তিনজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। অরুণ দেবনাথ নামের ওই ব্যক্তি বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন পূর্ব ভবানীপুর গ্রামের হেমেন্দ্র দেবনাথ, সত্যেন্দ্রনাথ ওরফে সতীনাথ এবং অধীর দেবনাথ। এদের মধ্যে হেমেন্দ্র দেবনাথ ও অধীর দেবনাথ সহোদর ভাই। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।

Advertisement
বিজ্ঞাপন

বর্তমানে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সমন্বিত প্রচেষ্টায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে হাওরের পানিতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্তসহ নিখোঁজদের দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

0%
0%
0%
0%