AdvertisementAdvertisement

ফুলবাড়ীতে রাজনৈতিক হামলার নিন্দা ও সন্ত্রাসমুক্ত রাজনীতির আহ্বান আতিক মুজাহিদের

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির নেতাকর্মীদের দেখতে গতকাল রাত ১০টায় কুড়িগ্রাম সদর হাসপাতালে ছুটে যান কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। এ সময় তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, বাংলাদেশে আর কোনো সন্ত্রাসের রাজনীতি সহ্য করা হবে না এবং জনগণ রক্তপাতহীন একটি স্থিতিশীল পরিবেশ প্রত্যাশা করে। তিনি আরও বলেন, যারা সন্ত্রাসবাদী রাজনীতির পথ বেছে নেবে, দেশের স্বাধীনতাকামী মানুষ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।

হাসপাতাল পরিদর্শনের সময় ড. আতিক মুজাহিদ আরও বলেন, মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর কারণেই যদি এমন বর্বরোচিত হামলার শিকার হতে হয়, তবে সেই হুমকির কাছে নতি স্বীকার করা হবে না। তিনি দৃঢ়কণ্ঠে উচ্চারণ করেন, সন্ত্রাসীর সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক আপস করার অবকাশ নেই। দেশের মানুষ রাজনৈতিকভাবে কারও দাসত্ব মেনে নেবে না এবং এমন দমন-পীড়নের বিরুদ্ধে সর্বদাই কঠোর অবস্থান বজায় রাখা হবে।

Advertisement
বিজ্ঞাপন

আহতদের দেখতে আসা কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর সভাপতি আজিজুর রহমান স্বপন এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, জুলাই বিপ্লবে অগ্রণী ভূমিকা পালনকারী সংগঠন এনসিপির নেতাকর্মীদের ওপর ফুলবাড়ীতে যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। তিনি সরকারকে এ ঘটনায় দ্রুত কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসতে বাধ্য হবে।

এ সময় কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা এবং জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দীনসহ ১১ দলীয় জোটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ ঘটনায় স্থানীয়রা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%