আজাদ জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ আগামীকাল

আজাদ জম্মু ও কাশ্মীরের আইনসভার নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ আগামী রবিবার, ২ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে ২১টি নির্বাচনী এলাকার মোট ১২ লাখেরও বেশি নিবন্ধিত ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও কর্মী পাঠানোর কার্যক্রম জোরেশোরে চলছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ২১টি আসনের মধ্যে ৯টি আসন মুজাফফরাবাদ বিভাগের অন্তর্গত। এই বিভাগটিতে মোট ৮ লাখ ৯ হাজার ৬২১ জন ভোটার রয়েছেন। এর মধ্যে নীলম জেলায় ১৫১,৯১১ জন, ঝিলাম ভ্যালিতে ১৭৭,৫০০ জন এবং মুজাফফরাবাদ জেলায় ৪ লাখ ৮০ হাজার ২১৯ জন ভোটার তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবেন। মুজাফফরাবাদ বিভাগের ৯টি আসনের জন্য মোট ২০৮ জন এবং শরণার্থী অধ্যুষিত ১২টি আসনের জন্য ১৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবারের নির্বাচনে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এন, পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি, ইস্তেহকাম-এ-পাকিস্তান পার্টি বা আইপিপিসহ প্রায় ২৫টি রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিচ্ছেন। নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে নীলম জেলার এলএ-২৫ ও এলএ-২৬ আসন এবং মুজাফফরাবাদের এলএ-২৭ থেকে এলএ-৩৩ আসনগুলোতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।
নিরাপত্তা নিশ্চিত করতে মুজাফফরাবাদ বিভাগে ১,৪৮৩টি ভোটকেন্দ্র ও ২,২১৯টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে। ভোটকেন্দ্রের সংবেদনশীলতা বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। অধিক সংবেদনশীল কেন্দ্রগুলোতে ৮ জন, সংবেদনশীল কেন্দ্রে ৬ জন এবং সাধারণ কেন্দ্রগুলোতে ৪ জন করে নিরাপত্তা সদস্য মোতায়েন থাকবে। মুজাফফরাবাদের এলএ-২৮, এলএ-২৯ ও এলএ-৩১ আসনগুলোকে ইতিমধ্যে অধিক সংবেদনশীল হিসেবে ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, আজাদ জম্মু ও কাশ্মীর নির্বাচনের তৃতীয় ও চূড়ান্ত ধাপের ভোটগ্রহণ আগামী ১০ আগস্ট পুঞ্চ বিভাগে অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যেও যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে পাকিস্তানর নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
