পেশোয়ারে পুলিশ ভ্যানে বিস্ফোরণ, আহত ২ পুলিশ সদস্য

পাকিস্তানের পেশোয়ারে রবিবার একটি শক্তিশালী বিস্ফোরণে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। পেশোয়ার-ইসলামাবাদ মোটরওয়ের টোল প্লাজার নিকটবর্তী পীর জাকোরি ব্রিজের পাশে পাতানো একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বিস্ফোরিত হলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণের তীব্রতায় পুলিশের একটি ভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ভেতরে থাকা চালক ও একজন কনস্টেবল আহত হয়েছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের ভাষ্যমতে, বিস্ফোরণের পরপরই হতাহত পুলিশ সদস্যদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পেশোয়ার নগর পুলিশের মুখপাত্র আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনার পরপরই বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেন এবং ঘটনার উৎস ও ধরন উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু করেছেন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
