আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট চৌধুরী লতিফ আকবরের ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর নির্দেশ

আজাদ জম্মু ও কাশ্মীরের প্রেসিডেন্ট চৌধুরী লতিফ আকবরের ওপর হামলার অভিযোগ ওঠার পরপরই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। ঘটনার পরপরই আজাদ জম্মু ও কাশ্মীরের প্রধানমন্ত্রী ফয়সাল মুমতাজ রাঠোর মুখ্য সচিব এবং পুলিশ মহাপরিদর্শককে অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। নিরাপত্তার ত্রুটি নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী রাঠোর অভিযোগ করেছেন যে, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এন সমর্থিত দুর্বৃত্তরাই এই ন্যাক্কারজনক হামলাটি চালিয়েছে।
হামলার এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির সংসদীয় দলের মহাসচিব নায়ার বুখারি। তিনি মন্তব্য করেছেন, মুজাফফরাবাদ বিভাগে রাজনৈতিক প্রতিপক্ষের ক্রমবর্ধমান হতাশার বহিঃপ্রকাশই এই হামলা। একে রাষ্ট্রের একটি সাংবিধানিক পদের ওপর আঘাত হিসেবে অভিহিত করে তিনি দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একইসঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের চাপ কিংবা ভীতি প্রদর্শন করে পাকিস্তান পিপলস পার্টিকে দমানো যাবে না।
এদিকে নির্বাচনী পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নায়ার বুখারি। তিনি অভিযোগ করেছেন যে, মুজাফফরাবাদে ভোটারদের ভোটকেন্দ্রে পৌঁছাতে বাধা দেওয়া হচ্ছে। নাগরিকদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের ওপরই বর্তায় বলে তিনি মনে করেন। এর আগে আজাদ কাশ্মীর নির্বাচন কমিশনের কাছে নির্বাচনী প্রক্রিয়ার অনিয়ম নিয়ে পাকিস্তান পিপলস পার্টির পক্ষ থেকে ডজনখানেক অভিযোগ দাখিল করা হয়েছে বলেও সংবাদে উল্লেখ করা হয়েছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
