AdvertisementAdvertisement

তিতাসে চর দখল নিয়ে সংঘর্ষে নিহত গৃহবধূর পরিবারের পাশে সংসদ সদস্য দোষীদের বিচারের আশ্বাস

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের নতুন বাটেরারচর এলাকায় চর দখলকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। গত রবিবার দুপুরে তিনি ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি সংঘর্ষে নিহত ৩৮ বছর বয়সী গৃহবধূ কুহিনূর আক্তারের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

পরিদর্শনকালে সংসদ সদস্য মেঘনা উপজেলার আলীপুর বাজারে স্থানীয় বাসিন্দাদের আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। সেখানে তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, কুহিনূর আক্তার কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, তিনি কেবলই একজন নিরীহ গৃহবধূ ছিলেন। চার সন্তানের জননী এই নারীর মৃত্যুতে যারা শোকাতুর, তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি আশ্বস্ত করেন যে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

Advertisement
বিজ্ঞাপন

সাংসদ সেলিম ভূঁইয়া অভিযোগ করেন যে, একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে এলাকায় অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, কোনো টাউট চক্রকে ফায়দা লোটার সুযোগ দেওয়া হবে না এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো প্রকার উসকানিতে পা না দিয়ে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য যে, গত ২৬ জুলাই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা ও তিতাস উপজেলার তিনটি গ্রামের বাসিন্দাদের মধ্যে চর দখল নিয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই কুহিনূর আক্তারের মৃত্যু হয় এবং উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। এছাড়া সংঘর্ষের সময় প্রায় ৭০ থেকে ৮০টি বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%