AdvertisementAdvertisement

ময়মনসিংহে নিখোঁজের ১০ দিন পর কাস্টমস কর্মকর্তার বস্তাবন্দি খণ্ডিত লাশ উদ্ধার

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর উত্তরপাড়া গ্রাম থেকে ১০ দিন ধরে নিখোঁজ থাকা আবু রায়হান তালুকদারের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে নিজ বাড়ির অদূরে পরিত্যক্ত একটি পুকুর থেকে তিনটি ট্রাভেল ব্যাগে ভরা অবস্থায় মরদেহটির অংশবিশেষ উদ্ধার করা হয়। নিহত আবু রায়হান কমলাপুর কাস্টম হাউসে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই কর্মস্থল থেকে বাড়িতে আসেন আবু রায়হান। পরদিন সকালে বাড়ির কেয়ারটেকার রাজুর সঙ্গে বের হওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে কর্মস্থলে যোগ না দেওয়ায় এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় ২৭ জুলাই নিহতের বড় ভাই নূরুল ইসলাম ফুলবাড়ীয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

Advertisement
বিজ্ঞাপন

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ঘটনার পর থেকেই কেয়ারটেকার রাজু ও তার বন্ধু জিতুল এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। স্থানীয়দের তথ্যমতে, অভিযুক্তরা মাদকাসক্ত প্রকৃতির ছিলেন। নিখোঁজের দীর্ঘ সময় পর পুকুর থেকে মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের শোকসন্তপ্ত পরিবার ও স্থানীয়রা।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%