জ্যোতি মালহোত্রা মডেল অনুসরণ করে অর্পিতাকে দিয়ে চরবৃত্তির ছক আইএআই-এর

পহেলগাঁওতে ২০২৫ সালে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি হামলার ঘটনার পর হরিয়ানার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জ্যোতি মালহোত্রার গ্রেফতারের ঘটনা দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জঙ্গি যোগে ধৃত শামিম মণ্ডলের বান্ধবী অর্পিতাকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। তদন্তকারীদের ধারণা, জ্যোতির মতোই অর্পিতাকেও পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই তাদের চর হিসেবে ব্যবহার করার ছক কষেছিল। আনন্দবাজার ডট কমের প্রতিবেদন অনুযায়ী, অর্পিতার কর্মকাণ্ড এবং পাকিস্তানি হ্যান্ডেলারদের সাথে তার যোগসূত্র এখন নিরাপত্তা সংস্থাগুলোর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
অর্পিতা সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত সক্রিয় এবং ইনস্টাগ্রাম রিল তৈরিতে পারদর্শী ছিল। তার জীবনযাত্রা এবং মোটরসাইকেল চালানোর দক্ষতার আড়ালে গভীর কোনো ষড়যন্ত্র কাজ করছিল কি না, তা নিয়ে জোরালো প্রশ্ন উঠছে। তদন্তে জানা গেছে, শামিম মণ্ডলের মাধ্যমে অর্পিতার পরিচয় হলেও, পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভট্টি গোষ্ঠীর হ্যান্ডলাররা সরাসরি তার সঙ্গে যোগাযোগ রাখত। শামিমের মতো অর্পিতার মগজধোলাইয়ের প্রক্রিয়াও তারা সম্পন্ন করেছিল বলে দাবি গোয়েন্দা কর্মকর্তাদের।
তদন্তকারীদের প্রাপ্ত তথ্যমতে, পাকিস্তানি হ্যান্ডেলাররা শামিম এবং অর্পিতাকে দুবাইতে দেখা করার নির্দেশ দিয়েছিল, তবে শামিমের পাসপোর্ট না থাকায় সেই বৈঠক ভেস্তে যায়। এদিকে, পাকিস্তানি পক্ষ থেকে অর্পিতাকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার বিষয়টিও উঠে এসেছে। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল প্রভাবশালী ব্যক্তিদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা। অর্পিতা ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, প্রভাবশালী রাজনীতিক এবং তাঁদের ব্যক্তিগত সচিবদের সাথে ঘনিষ্ঠতা গড়ে তুলেছিল বলে জানা গেছে।
গোয়েন্দা সংস্থাগুলোর মতে, জ্যোতি মালহোত্রার ক্ষেত্রে যে ‘মডেল’ ব্যবহার করা হয়েছিল, অর্পিতার ক্ষেত্রেও সেই একই কৌশল অবলম্বন করেছে আইএসআই। অর্থের প্রলোভন দেখিয়ে এদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তথ্য হাতিয়ে নেওয়াই ছিল তাদের মূল লক্ষ্য। হামিম কাণ্ডের তদন্ত করতে গিয়ে এখন হামাদ ও আবিদ জাট নামের আরও কয়েকজন পাকিস্তানি হ্যান্ডেলারের নাম উঠে এসেছে। আপাতত তদন্তকারীরা অর্পিতার এই নেটওয়ার্কের শিকড় কতদূর বিস্তৃত, তা খুঁজে বের করতে মরিয়া হয়ে কাজ করছেন।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস
