চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা, অক্ষত অবস্থায় উদ্ধার শিশু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট স্টেশনে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক তরুণী আত্মহত্যা করেছেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আত্মহননের আগে ওই তরুণী তার সঙ্গে থাকা চার বছর বয়সী শিশুকে প্ল্যাটফর্মে নিরাপদ দূরত্বে রেখে যান, যার ফলে শিশুটি অক্ষত রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশ করার ঠিক আগ মুহূর্তে ওই তরুণী হঠাৎ রেললাইনে নেমে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে দর্শনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রেলওয়ে পুলিশ জানায়, নিহত তরুণীর কাছে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার নাম ও স্থায়ী ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে শিশুটি রেলওয়ে পুলিশের তত্ত্বাবধানে নিরাপদে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শিশুটিকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় নিহত তরুণীর পরিচয় নিশ্চিত হওয়া ও আত্মহত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
