জামালপুরে ঘুমন্ত সন্তানকে পুকুরে ফেলে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহ উপজেলার ভাবকি এলাকায় ঘুমন্ত আট মাস বয়সী শিশুপুত্র শাওনকে পুকুরের পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে মা শ্রাবন্তী আক্তারের বিরুদ্ধে। রোববার ভোরে হৃদয়বিদারক এই ঘটনার পর পালানোর সময় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে।
নিহত শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে জামালপুর পৌর শহরের কম্পপুর এলাকার মমতাজ আলীর মেয়ে শ্রাবন্তী আক্তারের সঙ্গে ভাবকি এলাকার হুমায়ুন আহমেদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ লেগেই ছিল এবং শ্রাবন্তীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে প্রায়ই তাদের মধ্যে বাগবিতণ্ডা হতো। এর জের ধরেই রোববার ভোরে স্বামী গভীর ঘুমে আচ্ছন্ন থাকা অবস্থায় শ্রাবন্তী শিশু সন্তানকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যান এবং বাড়ির পাশের পুকুরে ফেলে তাকে হত্যা করেন।
ঘটনার পরপরই ভোরে বাজারের নিরাপত্তারক্ষীদের নজরে পড়েন শ্রাবন্তী। এ সময় তার আচরণ অস্বাভাবিক মনে হলে তারা তাকে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেন। তবে তিনি ঘরে না ফিরে দ্রুত এলাকা ছাড়ার জন্য অটোরিকশা খোঁজার চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ ঘনীভূত হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পুকুরে শিশুর লাশ ভেসে উঠতে দেখে লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন।
শিশুটির বাবা হুমায়ুন আহমেদ জানান, বিভিন্ন অজুহাতে শ্রাবন্তী প্রায়ই বিবাদে জড়াতেন এবং এর আগেও কয়েকবার ঘর ছেড়ে চলে গিয়েছিলেন। তিনি ঘুমন্ত থাকা অবস্থায় পরম মমতার সন্তানকে পুকুরের পানিতে ডুবিয়ে মেরে ফেলার ঘটনাটি কোনোভাবেই মেনে নিতে পারছেন না।
মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত শ্রাবন্তীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার দোষী মায়ের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
