মাধবপুরে আলেম ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করল বুল্লা ইউনিয়ন উলামা পরিষদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৮নং বুল্লা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নবীন ও প্রবীণ আলেম, হাফেজ এবং সমাজসেবীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বুল্লা ইউনিয়ন উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত এই মিলনমেলায় স্থানীয় আলেম-উলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ কুতুবুর রহমান এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন মুফতী খাদেমুল ইসলাম নূর কাসেমী ও হাফেজ মাওলানা নাজমুল হক শাহিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা শাহ গিয়াস উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি ওয়াজেদ আলীসহ স্থানীয় বরেণ্য আলেমগণ।
উক্ত আয়োজনে বুল্লা ইউনিয়ন উলামা পরিষদের পক্ষ থেকে মোট ৮০ জন আলেম, হাফেজ ও বিশিষ্ট ব্যক্তির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদেরও সম্মাননা জানানো হয়। প্রবীণ আলেম ও হাফেজদের মাঝে বিশেষ উপহার সামগ্রী হিসেবে ছাতা, ব্যাগ ও গেঞ্জি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উলামা পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে ইসলামের মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমাজ সংস্কারে নিরলস কাজ করে যাচ্ছে। তারা আরও উল্লেখ করেন, শিরক-বিদআত ও অপসংস্কৃতিরোধে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই মাধবপুর উপজেলাজুড়ে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারেক রহমানের নির্দেশনায় দেশ ও সমাজের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।