জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে সরকারের পরিণতি ফ্যাসিস্টদের মতো হবে হুঁশিয়ারি এনসিপি নেতাদের

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে দলের পূর্বঘোষিত পদযাত্রা ও পথসভা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই জনসভায় বক্তারা জুলাই সনদ বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে বর্তমান সরকারের পরিণতিও অতীতের ফ্যাসিস্ট সরকারের মতোই হবে। দেশ কোনো বিদেশি শক্তির তাঁবেদারিতে চলতে পারে না উল্লেখ করে তিনি শহীদ হাদির আত্মত্যাগকে বৃথা যেতে না দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
তারেক রহমানকে উদ্দেশ্য করে সারজিস আলম আরও বলেন, জনগণের আমানত রক্ষা করাই এখন সরকারের মূল দায়িত্ব। সাধারণ মানুষ দীর্ঘ সংগ্রামের পর তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং এই আমানত রক্ষায় ব্যর্থ হলে ভবিষ্যতে জনগণ ধানের শীষের ওপর আস্থা রাখবে না। তিনি স্পষ্টভাবে সতর্ক করেন যে, যোগ্যতার যথাযথ প্রয়োগ এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।
বগুড়া জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইজাজ আল ওয়াসী জ্বীমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক সাদিক মাহাদী এবং জেলা আহবায়ক এমএসএ মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা জনগণের অধিকার আদায়ে এবং বৈষম্যহীন দেশ গঠনে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এদিকে পথসভা শুরুর প্রাক্কালে বগুড়া শহরের কবি নজরুল ইসলাম সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পদযাত্রা কর্মসূচি পালিত হয়। শহরের সাতমাথা এলাকা পর্যন্ত এই পদযাত্রা প্রদক্ষিণ শেষে সেখানে নেতৃবৃন্দের সমাপনী বক্তব্য প্রদানের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়। সভায় এনসিপি মনোনীত দুপচাঁচিয়া পৌরসভার মেয়র প্রার্থী আবু বক্কর সিদ্দিকসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
