বেলুচিস্তানে সন্ত্রাসবাদ নির্মূলে কঠোর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি সন্ত্রাসবাদ নির্মূলে সরকারের অনমনীয় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। কোয়েটায় অ্যান্টি-টেরোরিস্ট ফোর্সের বা এটিএফের বিংশতম মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি ঘোষণা করেন যে, প্রদেশের সর্বত্র শান্তি ফিরিয়ে আনতে রাষ্ট্রীয় বাহিনী সর্বশক্তি নিয়ে অভিযান অব্যাহত রাখবে। কোনো প্রকার সহিংস মতাদর্শ যে বেলুচিস্তানের মাটিতে ঠাঁই পাবে না, তা তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কোনোভাবেই সন্ত্রাসবাদের কাছে নতি স্বীকার করবে না। তবে ভুল পথে পরিচালিত ব্যক্তিদের জন্য জাতীয় মূলধারায় ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি জানান, যারা সহিংসতা ত্যাগ করবে, তাদের জন্য পাকিস্তান সরকার বিশেষ পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেছে। এর আওতায় অস্ত্র ত্যাগকারীদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হবে।
বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে উসকে দেওয়ার যে সুপরিকল্পিত অপচেষ্টা চলছে, সে বিষয়ে সতর্ক করে সরফরাজ বুগতি জাতীয় ঐক্যের ওপর জোর দিয়েছেন। রাজনৈতিক মতপার্থক্য যেন সন্ত্রাসবিরোধী লড়াইকে ব্যাহত না করে, সেই আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ঘৃণা ছড়ানো থেকে বিরত থাকা প্রতিটি নাগরিকের দায়িত্ব। তিনি আরও যোগ করেন যে, বেলুচিস্তানের সাধারণ মানুষ সর্বদা পাকিস্তানের অখণ্ডতার পক্ষে অটল।
উল্লেখ্য, এবারের প্রশিক্ষণ কোর্সে তিন জন নারী কনস্টেবলসহ মোট ২৮০ জন সদস্য সফলভাবে তাদের কর্মজীবন শুরু করেছেন। সমাপনী অনুষ্ঠানে বেলুচিস্তানের পুলিশ মহাপরিদর্শক মুহাম্মদ তাহিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
