ফয়সালাবাদে বসতবাড়ির ছাদ ধসে দুই সহোদর নিহত আহত দুই

পাকিস্তানের ফয়সালাবাদের তালিয়ানওয়ালা এলাকায় বুধবার একটি বসতবাড়ির ছাদ ধসে দুই শিশু নিহত এবং আরও দুজন আহত হয়েছে। নিহতরা হলো পাঁচ বছর বয়সী সুবহান এবং সাত বছর বয়সী রিজওয়ান, যারা সম্পর্কে আপন ভাই। মর্মান্তিক এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধারকর্মীরা শিশু দুটির নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে অন্যদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে ছয় বছর বয়সী আহমেদ এবং তার মা রিজওয়ানা রয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে। পাকিস্তানর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার কারণ উদ্ঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
এই বিয়োগান্তক সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানাতে স্থানীয় বাসিন্দারা ছুটে আসছেন। প্রতিবেশী ও স্বজনদের আর্তনাদে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠেছে। প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারটিকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
