AdvertisementAdvertisement

আঞ্চলিক অস্থিরতা মোকাবিলায় পূর্ণ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের

আঞ্চলিক অস্থিরতার প্রেক্ষাপটে উদ্ভূত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার ইসলামাবাদে জাতীয় অর্থনীতির ওপর আঞ্চলিক উত্তেজনার প্রভাব পর্যালোচনায় আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, মহান আল্লাহর রহমতে পাকিস্তানের অর্থনীতি বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে, তবে সম্ভাব্য সংকট এড়াতে একটি সমন্বিত ও কার্যকর কৌশল প্রণয়ন অপরিহার্য।

বৈঠকে জ্বালানি পণ্যের মজুত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয় যে, দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত পেট্রোলিয়াম পণ্যের মজুত রয়েছে এবং ভবিষ্যতেও তা নিরবচ্ছিন্ন রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারের নেওয়া সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

Advertisement
বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, সাধারণ মানুষ, মোটরসাইকেল আরোহী, রিকশাচালক ও পরিবহন খাতের সুরক্ষায় তার সরকার নিরলস কাজ করে যাচ্ছে। রাষ্ট্রীয় ভর্তুকি প্রদানের মাধ্যমে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব সাধারণ মানুষের ওপর থেকে অনেকটা কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন। একইসঙ্গে, বাজারে কৃত্রিম সংকট তৈরির পেছনে দায়ীদের বিরুদ্ধে প্রাদেশিক সরকারের সঙ্গে সমন্বয় করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

সাশ্রয়ী নীতি ও জ্বালানি সংরক্ষণের জাতীয় প্রচারাভিযানে জনগণের অভূতপূর্ব সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি দেশের বিদ্যমান অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে জনগণের এই সহযোগিতা ও ত্যাগকে জাতীয় অর্থনীতির জন্য বড় অবদান হিসেবে আখ্যায়িত করেন। প্রধানমন্ত্রীর মতে, অতীতের মতো ভবিষ্যতেও জাতীয় পর্যায়ে মিতব্যয়ী জীবনযাপন ও জ্বালানি সাশ্রয়ের মানসিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

Advertisement
বিজ্ঞাপন

আঞ্চলিক উত্তেজনার পারদ বৃদ্ধি পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ ধরনের পরিস্থিতি সামাল দিতে সব সরকারি সংস্থাকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠকে ফেডারেল মন্ত্রী আহাদ খান চিমা, মুহাম্মদ আওরঙ্গজেব, আলী পারভেজ মালিক ও আওয়াইস খান লেঘারি এবং স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নর জামিল আহমেদসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%