কর্মক্ষেত্রে নারী সহকর্মীকে অনলাইন হয়রানি, কর্মচারীকে ৫ লাখ টাকা জরিমানা

পাকিস্তানের কর্মক্ষেত্রে নারীর প্রতি হয়রানি প্রতিরোধ বিষয়ক কেন্দ্রীয় ন্যায়পাল কার্যালয় এক গুরুত্বপূর্ণ রায়ে সহকর্মীকে অনলাইনে হেনস্তার দায়ে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। কর্মক্ষেত্রে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতার জেরে ওই ব্যক্তি তার নারী সহকর্মীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপমানজনক প্রচার চালিয়েছিলেন, যা বিদ্যমান আইনের পরিপন্থী এবং কর্মক্ষেত্রে অস্বস্তিকর পরিবেশ তৈরির শামিল বলে রায়ে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

ন্যায়পাল কার্যালয়ের আদেশে উঠে এসেছে, অভিযুক্ত ব্যক্তি ধারাবাহিকভাবে অনলাইনে ভুক্তভোগীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য পোস্ট করতেন। এর পাশাপাশি তিনি ভুক্তভোগীকে হেনস্তা করতে একটি কাল্পনিক বইয়ের শিরোনাম ও লেখকের নাম তৈরি করে ব্যঙ্গাত্মক প্রচারণা চালান। সবচেয়ে আপত্তিকর বিষয় হলো, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর সন্তানহীনতাকে লক্ষ্যবস্তু করে তাকে হিজড়া সম্প্রদায়ের সঙ্গে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, যা আইন অনুযায়ী গুরুতর অপরাধ।

রায়ে স্পষ্টভাবে বলা হয়েছে, যদিও জাতিগত বা ভাষাগত মন্তব্য সবসময় হয়রানির পর্যায়ে পড়ে না, কিন্তু কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল করতে লিঙ্গভিত্তিক ও অবমাননাকর ভাষা প্রয়োগ করা আইনের ২(এইচ) ধারার সরাসরি লঙ্ঘন। হিজড়া সম্প্রদায়ের পরিচিতি নিয়ে এ ধরনের নেতিবাচক মন্তব্য শুধু ওই নারীর সম্মানই ক্ষুণ্ণ করেনি, বরং সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর বিরুদ্ধে ক্ষতিকর কুসংস্কারকেও উসকে দিয়েছে।

ন্যায়পাল তার পর্যবেক্ষণমূলক রায়ে আরও উল্লেখ করেন, এ ধরনের আচরণ ভুক্তভোগীর আত্মবিশ্বাস ও কর্মস্পৃহা নষ্ট করে দেয়। বিশেষ করে কর্মক্ষেত্রে নেতৃত্বস্থানীয় অবস্থানে থাকা নারীদের লক্ষ্য করে পরিচালিত এই বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড দীর্ঘমেয়াদে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণকে নিরুৎসাহিত করে। এ ধরনের আচরণ পেশাদার কোনো কর্মপরিবেশে অগ্রহণযোগ্য।

বিজ্ঞাপন

‘কর্মক্ষেত্রে নারীর প্রতি হয়রানি প্রতিরোধ আইন’-এর ৪(৪)(২)(ই) ধারা অনুযায়ী, অভিযুক্তকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায়ের নির্দেশনায় বলা হয়েছে, জরিমানার অর্থের মধ্যে ৪ লাখ টাকা ভুক্তভোগীকে তার মানহানি ও মানসিক ক্ষতির ক্ষতিপূরণ হিসেবে প্রদান করতে হবে। অবশিষ্ট ১ লাখ টাকা পাকিস্তানের সরকারি কোষাগারে জমা দেওয়ার আদেশ দিয়েছেন কেন্দ্রীয় ন্যায়পাল।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%