খানেইওয়ালে পুলিশের সাথে গোলাগুলির সময় নিজেদের গুলিতে নিহত দুই অপরাধী

পাকিস্তানের খানেওয়াল জেলার কাচ্চা খু পুলিশ থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বন্দুকযুদ্ধের সময় নিজেদের সহযোগীদের গুলিতে দুই শীর্ষ অপরাধী নিহত হয়েছে। রবিবার সংঘটিত এই ঘটনায় নিহতদের নাম ফয়সাল মেহদি ও আজহার আলী বলে নিশ্চিত করেছে পুলিশ। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, চারজন অপরাধী দুটি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে পালানোর সময় পুলিশ তাদের থামার সংকেত দেয়। অপরাধীরা সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। এ সময় অপরাধীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে নিজেদের দুই সহযোগী নিহত হয়। বাকি দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
নিহত ফয়সাল ও আজহার হত্যা, ডাকাতি ও হত্যাচেষ্টাসহ একাধিক গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। বিশেষ করে খানেওয়ালের নিয়াজি চকে চারজনকে হত্যার ঘটনায় তারা প্রধান অভিযুক্ত ছিল বলে পুলিশ জানিয়েছে। নিহতদের দেহ তল্লাশি করে আগ্নেয়াস্ত্র ও লুট করা মালামাল উদ্ধার করা হয়েছে।
ঘটনার পর পুলিশ পুরো এলাকায় চিরুনি অভিযান শুরু করেছে। পলাতক অপর দুই অপরাধীকে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। বর্তমানে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলে দায়িত্বশীল কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
