বাগেরহাটে বসতভিটা দখলের অভিযোগ পুত্রবধূ ও তার পরিবারের বিরুদ্ধে

বাগেরহাট সদর উপজেলার নোনাভাঙা গ্রামে পুত্রবধূ, তার পিতা-মাতা, ভাই ও স্থানীয় কিছু প্রভাবশালীর বিরুদ্ধে বসতভিটা দখলের ষড়যন্ত্র, শারীরিক নির্যাতন ও মানসিক হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এই সম্মেলনে ভুক্তভোগী গৃহবধূ জাহেদা বেগম তার ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
লিখিত বক্তব্যে জাহেদা বেগম জানান, তার ছেলে সহিদুল ইসলামের সঙ্গে প্রতিবেশী ছত্তার মল্লিকের মেয়ে অছিফা আক্তার সুমির বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তির সূত্রপাত হয়। পুত্রবধূ অছিফা বিয়ের পর থেকে তার এবং পঙ্গু স্বামী নূরমোহাম্মদ ফকিরের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। এক পর্যায়ে অছিফার পরিবার ও ভাইয়ের প্ররোচনায় বৃদ্ধ ও অসুস্থ দম্পতির ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের মাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছে যায়।
জাহেদা বেগম আরও অভিযোগ করেন, তাদের বাড়ির সীমানা সংলগ্ন হওয়ায় ছত্তার মল্লিকের পরিবার দীর্ঘ দিন ধরে তাদের বসতভিটা জবরদখলের অপচেষ্টা চালাচ্ছে। পুত্রবধূ ও তার পরিবারের সদস্যরা নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছে, যার ফলে বর্তমানে বৃদ্ধ দম্পতি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। এছাড়া আসামিরা তাদের একমাত্র ছেলেকে জিম্মি করে জমি ও সহায়-সম্পত্তি লিখে নেওয়ার ষড়যন্ত্র করছে বলেও তিনি উল্লেখ করেন।
এলাকাবাসীও এসব অন্যায়ের বিষয়ে অবগত রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ভুক্তভোগী পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
