AdvertisementAdvertisement

২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ গঠনের আলটিমেটাম গ্রাহক ফোরামের

ইসলামী ব্যাংকের বর্তমান সংকট নিরসন ও পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে কেন্দ্রীয় ব্যাংক প্রাঙ্গণ। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যাংকটির পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের আলটিমেটাম দেওয়া হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে এই সময়সীমা বেঁধে দেন সংগঠনের আহ্বায়ক নূর উন নবী। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংকট সমাধানে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে সাত দফা দাবি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পেশ করা হয়েছে বলে জানান নূর উন নবী। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় ব্যাংক প্রাথমিকভাবে দাবিগুলোকে যৌক্তিক বলে স্বীকার করলেও কার্যকর পদক্ষেপ গ্রহণে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে একটি স্বাধীন পর্ষদ গঠনই বর্তমান পরিস্থিতির একমাত্র সমাধান বলে মনে করছে ফোরামটি।

Advertisement
বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে চলা ব্যাংকটির অস্থিরতা দূর করতে গ্রাহকদের পক্ষ থেকে বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে ২০১৭ সালে যেসব শেয়ারহোল্ডারের মালিকানা জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, তাদের মালিকানা পুনর্বহাল এবং ব্যাংক লুটের সঙ্গে জড়িতদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়েছে। এছাড়া এস আলম গ্রুপের সব সম্পদ বাজেয়াপ্ত করা এবং ব্যাংক কোম্পানি আইনের ১৮/ক ধারা সংশোধনের নামে লুটেরাদের পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা বাতিলের দাবিও উত্থাপন করা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

পাশাপাশি জাতীয় সংসদে ইসলামী ব্যাংক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বিতর্কিত বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে গ্রাহক ফোরাম। ব্যাংক থেকে লুণ্ঠিত অর্থ উদ্ধার এবং আমানতকারীদের জমানো অর্থের সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বক্তারা বলেন, সাধারণ গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংককে অবিলম্বে কঠোর ও সাহসী পদক্ষেপ নিতে হবে। অন্যথায় দেশের এই বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানে স্থিতিশীলতা ফেরানো অসম্ভব হয়ে পড়বে।

0%
0%
0%
0%