রামায়ণের রামের ভূমিকায় অভিনয়ের পর রণবীরকে অ্যানিমাল ঘরানার ছবি ত্যাগের পরামর্শ নীতীশ ভরদ্বাজের

বি-আর চোপড়ার কালজয়ী ‘মহাভারত’ ধারাবাহিকে ভগবান কৃষ্ণের ভূমিকায় অভিনয় করে যিনি অবিস্মরণীয় হয়ে আছেন, সেই প্রখ্যাত অভিনেতা নীতীশ ভরদ্বাজ এবার নজর কেড়েছেন পরিচালক নীতীশ তিওয়ারির বহু প্রতীক্ষিত মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’-এর ওপর। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ট্রেলার দেখে মুগ্ধতা প্রকাশ করে নীতীশ ভরদ্বাজ জানিয়েছেন, এই নির্মাণ বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমার গৌরবকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। সিনেমার প্রোডাকশন ডিজাইন, দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফি, অত্যাধুনিক ভিএফএক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নিখুঁত ব্যবহার নিয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিশেষ করে বিশ্বখ্যাত সুরকার হ্যান্স জিমারের আবহ সঙ্গীত এবং রণবীর কাপুর ও যশের অনবদ্য অভিনয়ের প্রশংসা করতেও কার্পণ্য করেননি তিনি।
তবে প্রশংসার পাশাপাশি রণবীর কাপুরের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা। নীতীশ ভরদ্বাজের মতে, রামের মতো এমন পবিত্র ও ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের পর একজন অভিনেতার সামাজিক দায়বদ্ধতা বহুগুণ বেড়ে যায়। তাই রণবীরের উদ্দেশে তিনি বার্তা দিয়েছেন, ভবিষ্যতে যেন মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রলোভনেও ‘অ্যানিমাল’-এর মতো বিতর্কিত চরিত্রে আর অভিনয় না করেন। তাঁর মতে, ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের আধার হিসেবে অসংখ্য সমৃদ্ধ গল্প আমাদের হাতের মুঠোয় রয়েছে, যা একজন শিল্পীর প্রতিভা প্রদর্শনের জন্য যথেষ্ট।
অন্যদিকে, সীতার চরিত্রে সাই পল্লবীকে দর্শকরা সাদরে গ্রহণ করবেন বলে আশাবাদী নীতীশ। তিনি পরামর্শ দিয়েছেন, সিনেমাটিতে যদি তুলসীদাসের রামচরিতমানসের চৌপাই এবং মৃদঙ্গ-করতালের সুরের মূর্ছনা যথাযথভাবে ফুটিয়ে তোলা যায়, তবে তা দর্শকদের হৃদয়ে এক গভীর আধ্যাত্মিক সংযোগ তৈরি করবে। পরিচালক নীতীশ তিওয়ারির এই মহতী প্রচেষ্টার প্রতি সম্মান জানিয়ে তিনি সিনেমাটি প্রেক্ষাগৃহে অন্তত পাঁচবার দেখার আগ্রহ প্রকাশ করেছেন।
‘রামায়ণ’-এর ট্রেলার ইতিমধ্যেই সিনেপাড়ায় আলোড়ন সৃষ্টি করেছে। ট্রেলারের শুরুতে যশ অভিনীত রাবণের ত্রিলোকজয়ী দম্ভ এবং পরবর্তীতে সেই অরাজকতা দমনে ভগবান বিষ্ণুর রাম অবতারের আগমন দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছে। ট্রেলারে রণবীর কাপুরকে রামের চরিত্রে এক শান্ত অথচ দৃঢ় প্রতিমূর্তিতে দেখা গেছে। অসুরকুলের বিরুদ্ধে যুদ্ধ, প্রজাদের প্রতি মমতা এবং সীতার সঙ্গে বিবাহের স্বর্গীয় মুহূর্তের ঝলকগুলো সিনেমার ভিজ্যুয়াল ও পৌরাণিক আবহকে এক অন্য মাত্রা দিয়েছে। সবকিছু মিলিয়ে এই সিনেমাটি ঘিরে ভারতীয় দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে।
