AdvertisementAdvertisement

জেনারেল সৈয়দ আমির রাজাকে নিশানে ইমতিয়াজ সামরিক পদক প্রদান করলেন প্রেসিডেন্ট জারদারি

পাকিস্তানের ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার জেনারেল সৈয়দ আমির রাজাকে দেশটির সর্বোচ্চ সামরিক সম্মান ‘নিশান-ই-ইমতিয়াজ’ (সামরিক) প্রদানের অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। রাষ্ট্রপতির সচিবালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে জেনারেল আমির রাজা তাঁর অসামান্য সামরিক অবদানের স্বীকৃতিস্বরূপ হিলাল-ই-ইমতিয়াজ (সামরিক) এবং সিতারা-ই-বাসালাত পদকে ভূষিত হয়েছিলেন।

এর আগে গত ২৪ জুলাই পাকিস্তানর প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জেনারেল আমির রাজাকে চার তারকা জেনারেল হিসেবে পদোন্নতি প্রদানের ঘোষণা দেন। একই সঙ্গে তাঁকে ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই পদোন্নতি ও নতুন দায়িত্ব প্রাপ্তির পর প্রধানমন্ত্রী তাঁকে অভিনন্দন জানান এবং তাঁর কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Advertisement
বিজ্ঞাপন

উল্লেখ্য, ‘পাকিস্তান আর্মি, এয়ার ফোর্স অ্যান্ড নেভি (সংশোধনী) বিল ২০২৫’ পাসের মধ্য দিয়ে ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডারের পদটি প্রবর্তন করা হয়। এই নতুন আইনি কাঠামোর অধীনে চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির (সিজেসিএসসি) পদটি বিলুপ্ত করা হয়েছে, যে পদে সর্বশেষ দায়িত্বরত কর্মকর্তা ছিলেন জেনারেল শামশাদ মির্জা। একই আইনের আওতায় ফিল্ড মার্শাল অসীম মুনিরকে চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন সংশোধিত আইন অনুযায়ী, পাকিস্তানর সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেসের সুপারিশক্রমে তিন বছর মেয়াদে ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডারের পদে নিয়োগ দেবেন প্রধানমন্ত্রী। উক্ত পদে কেবল পাকিস্তান সেনাবাহিনীর কর্মরত জেনারেলদের মধ্য থেকেই নিয়োগের বিধান রাখা হয়েছে। জেনারেল আমির রাজা এর আগে লাহোর কোর কমান্ডার এবং হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলার চেয়ারম্যান হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%