সালাল বাঁধ থেকে জল ছাড়ায় পাকিস্তানে বন্যা সতর্কতা জারি

ভারতের সালাল বাঁধ থেকে ১১তম বারের মতো পানি ছেড়ে দেওয়ার পর পাকিস্তানে বন্যার সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। সরকারি সূত্র অনুযায়ী, প্রতিবেশী রাষ্ট্রটির ছাড়া প্রায় ৯০ হাজার কিউসেক পানি পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করবে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ভূত এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
বর্তমানে পাকিস্তানের অধিকাংশ নদ-নদীর পানির প্রবাহ স্বাভাবিক থাকলেও সিন্ধু নদের বেশ কিছু পয়েন্টে মৃদু থেকে মাঝারি ধরনের বন্যা পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে সুক্কুর ব্যারেজে মাঝারি মানের বন্যা দেখা দিয়েছে এবং কালাবাগ, চশমা ও গুড্ডু ব্যারেজে মৃদু বন্যার প্রবাহ অব্যাহত রয়েছে। এ ছাড়াও রাভি নদীর হেড বলোকিতে পানি বৃদ্ধির ফলে মৃদু বন্যার রেকর্ড করা হয়েছে।
জেলাম, চেনাব, সুতলেজ, রাভি ও কাবুল নদীর অধিকাংশ গুরুত্বপূর্ণ পয়েন্টে পানির প্রবাহ বর্তমানে স্বাভাবিক রয়েছে। চাচরান শরিফ ও বেনজির ব্রিজে পানির প্রবাহ কিছুটা হ্রাস পেয়েছে, যেখানে সর্বশেষ তথ্য অনুযায়ী ২১৮,৯৭৮ কিউসেক পানি প্রবাহিত হচ্ছিল। সার্বিক পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে পাকিস্তানের পানি উন্নয়ন কর্তৃপক্ষ।
তরবেলা বাঁধের পানির স্তর ১,৫৩৯ ফুটে পৌঁছেছে, যা বাঁধটির মোট ধারণক্ষমতার ৮৯ শতাংশ। গত বছরের এই সময়ের তুলনায় এটি প্রায় একই পর্যায়ে রয়েছে। অন্যদিকে, মাংলা বাঁধের পানির স্তর ১,১৯৬ ফুট অতিক্রম করেছে এবং বর্তমানে বাঁধটি তার ধারণক্ষমতার ৫৭ শতাংশ পূর্ণ অবস্থায় রয়েছে। কর্তৃপক্ষ নিচু এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
