তীব্র দাবদাহে পুড়ছে পাকিস্তান, জনজীবনে চরম অস্বস্তি

পাকিস্তানের বেশিরভাগ অঞ্চলে বিরাজ করছে অসহনীয় গরম ও ভ্যাপসা আবহাওয়া। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ উত্তরের কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও অধিকাংশ অঞ্চলেই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। মূলত উত্তর-পূর্ব পাঞ্জাব, উচ্চ খাইবার পাখতুনখোয়া এবং কাশ্মীরের কিছু স্থানে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় পাকিস্তানের নোককুন্দিতে সর্বোচ্চ ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সময়ে ডালবানদিন, জ্যাকোবাবাদ এবং দাদুতে ৪৪ ডিগ্রি সেলসিয়াস এবং সুক্কুরে ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হয়েছে। তীব্র দাবদাহের কবলে পড়া মুলতান, ডেরা গাজি খান, সারগোধা এবং চিলাসে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

রাজধানী ইসলামাবাদসহ লাহোর, পেশোয়ার, কোয়েটা ও গিলগিট অঞ্চলের বাসিন্দারা ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তীব্রতা প্রত্যক্ষ করেছেন। এছাড়া মুজাফফরাবাদে ৩৯ ডিগ্রি এবং করাচিতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশজুড়ে চলমান এই তাপপ্রবাহ জনজীবনে মারাত্মক অস্বস্তি ও উদ্বেগ সৃষ্টি করেছে।

বিশ্বজুড়ে তীব্র তাপপ্রবাহের প্রভাবে জনস্বাস্থ্য ও অবকাঠামো হুমকির মুখে পড়েছে। ইউরোপের বিভিন্ন দেশে রেকর্ড পরিমাণ তাপমাত্রার কারণে অসুস্থতা ও প্রাণহানির ঘটনা বাড়ছে, যা ভবিষ্যতে চরমভাবাপন্ন আবহাওয়া আরও ঘন ঘন হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পরিস্থিতি মোকাবিলায় দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণের আহ্বান জানিয়েছে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে ভবিষ্যতে এই ধরনের সংকটের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%