তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে হত্যার হুমকি সম্বলিত চিত্র প্রদর্শন

ইরানের রাজধানী তেহরানের প্রাণকেন্দ্রে অবস্থিত এঙ্গেলাব স্কয়ারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে একটি উসকানিমূলক বিশাল বিলবোর্ড স্থাপন করা হয়েছে। বিলবোর্ডটিতে ট্রাম্পকে একটি খোলা কালো কফিনের ভেতরে শায়িত অবস্থায় চিত্রায়িত করা হয়েছে, যার পাশে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের মুষ্টিবদ্ধ হাতের একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে। রয়টার্সের সহযোগী সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর প্রাক্কালে খামেনেই নিহত হওয়ার পর থেকেই ইরানজুড়ে এমন কঠোর রাজনৈতিক বার্তার প্রসার ঘটেছে।

বিজ্ঞাপন

বিলবোর্ডটিতে থাকা ট্রাম্পের অবয়বে তাঁর চোখ ও মুখ বন্ধ এবং এলোমেলো চুলের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। কালো কফিনজুড়ে ফার্সি ও ইংরেজি ভাষায় স্পষ্টভাবে লেখা হয়েছে, ‘আমরা ট্রাম্পকে হত্যা করব’। বিলবোর্ডে খামেনেইকে ‘শহিদ’ হিসেবে অভিহিত করা হয়েছে এবং দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে যুদ্ধের শুরুতে চালানো হামলার শিকার শিশুদের স্মরণে শোকবার্তা যুক্ত করা হয়েছে।

দীর্ঘদিন ধরেই ইরান জনসমাগমস্থলে এ ধরনের গ্রাফিতি ও বিলবোর্ড ব্যবহারের মাধ্যমে নিজেদের রাজনৈতিক অবস্থান ও আদর্শিক বার্তা প্রচার করে আসছে। গত মে মাসেও ট্রাম্পের মুখ সেলাই করা অবস্থার একটি বিলবোর্ড প্রদর্শন করেছিল তেহরান, যেখানে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ‘দ্য ব্রেকিং পয়েন্ট’ শীর্ষক বার্তা দেওয়া হয়েছিল। এছাড়া পারস্য উপসাগরে মার্কিন ড্রোন ও যুদ্ধবিমান আটকের প্রতীকি ছবি দিয়ে ইরানের সামরিক শক্তি প্রদর্শনের ঘটনাও নতুন নয়।

খামেনেইসহ ঊর্ধ্বতন নেতাদের হত্যার প্রতিশোধ নেওয়ার দাবির মুখে তেহরানের এই তৎপরতা আরও তীব্র হয়েছে। সাম্প্রতিক সময়ে ইরানের একটি রক্ষণশীল সংবাদপত্রে প্রতিশোধের তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ ১৩ জন বিদেশি নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘটনা দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী উত্তজনাকে আরও জটিল পর্যায়ে নিয়ে গেছে।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%