শহীদ স্বামীর প্রেরণায় পাকিস্তান নৌবাহিনীর কর্মকর্তা আলভিরা হামজা

শোককে শক্তিতে রূপান্তর করে অদম্য সাহসের পরিচয় দিয়েছেন শহীদ নৌ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হামজা আবেদের সহধর্মিণী আলভেরা হামজা। স্বামীর অকাল প্রয়াণের পর ভেঙে না পড়ে, বরং তাঁরই দেখানো পথে পাকিস্তান নৌবাহিনীর একজন গর্বিত কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন তিনি। এই অসামান্য যাত্রায় তিনি অর্জন করেছেন মর্যাদাপূর্ণ কমান্ড্যান্ট গোল্ড মেডেল, যা দেশজুড়ে অসংখ্য নারীর জন্য অনুপ্রেরণার নতুন আলোকবর্তিকা হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

করাচিতে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ কমিশন প্রাপ্তি অনুষ্ঠানে আলভেরা হামজা আনুষ্ঠানিকভাবে পাকিস্তান নৌবাহিনীর তথ্যপ্রযুক্তি শাখায় যোগদান করেন। দীর্ঘ প্রশিক্ষণের প্রতিটি ধাপে তিনি যে উৎকর্ষ ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন, তার স্বীকৃতি হিসেবেই তাঁকে এই বিশেষ পদকে ভূষিত করা হয়। অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি জানান, পাকিস্তান নৌবাহিনীর এই ইউনিফর্ম পরা তাঁর দীর্ঘদিনের লালিত স্বপ্ন এবং একই সঙ্গে স্বামীর আত্মত্যাগের প্রতি এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি।

আলভেরা হামজা আরও উল্লেখ করেন, স্বামী শহীদ হওয়ার পর যে শূন্যতা তৈরি হয়েছিল, তা পূরণ করার পাশাপাশি দেশের সেবায় নিজেকে নিয়োজিত করাই ছিল তাঁর প্রধান লক্ষ্য। স্বামীর পরিহিত ইউনিফর্ম গায়ে জড়াতে পেরে তিনি ও তাঁর কন্যাসন্তান আজ গর্বিত। পাকিস্তান নৌবাহিনীর এই নব্য কর্মকর্তাকে বর্তমানে দেশটির নারীদের জন্য সাহসিকতা ও অটল সংকল্পের এক অনন্য প্রতীক হিসেবে অভিহিত করা হচ্ছে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%