মন্ত্রালয়গুলো এখন দুর্নীতির আখড়া, বিস্ফোরক অভিযোগ ফয়সাল ভাওদার

পাকিস্তানের ফেডারেল সরকারের নীতিনির্ধারণী কর্মকাণ্ড এবং প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আবারও কঠোর সমালোচনা করলেন দেশটির প্রভাবশালী সেনেটর ফয়সাল ভাউদা। সোমবার দুনিয়া নিউজের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি অভিযোগ করেন যে, বর্তমানে মন্ত্রণালয়গুলো দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে এবং আমলাদের মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার ফলে এক শ্রেণির মাফিয়া চক্র এর পূর্ণ ফায়দা লুটছে।

বিজ্ঞাপন

পাকিস্তানর প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কোনো গুণাবলি বা সাফল্য নিয়ে আলোচনার সুযোগ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ফয়সাল ভাউদা সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বরং বর্তমান প্রশাসনের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে বলেন, শাসনক্ষমতায় থেকেও সরকার যদি নির্বাচনে পরাজিত হয়, তবে তার দায়ভার তার ওপর বর্তায় না। মাঠপর্যায়ের নানা সংকট নিরসনে সরকারি ব্যর্থতার দিকে ইঙ্গিত করে তিনি চরম উদ্বেগ প্রকাশ করেন।

রাজনৈতিক অঙ্গনের অস্থিরতা নিয়ে কথা বলতে গিয়ে সেনেটর ফয়সাল ভাউদা নাম উল্লেখ না করেই একাধিক ব্যক্তির কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, এক শ্রেণির রাজনীতিবিদের উচ্চাকাঙ্ক্ষা আকাশচুম্বী; বিশেষ করে কোনো কোনো প্রাদেশিক মুখ্যমন্ত্রী বর্তমানে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। এছাড়া সাবেক এক মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রীকে সরানোর জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলেও তিনি দাবি করেন।

ভবিষ্যতের পরিস্থিতি সম্পর্কে সতর্কবার্তা উচ্চারণ করে ফয়সাল ভাউদা বলেন, এসব রাজনীতিকের দুর্নীতি ও অনিয়মের তথ্য অচিরেই ফরেনসিক প্রমাণের ভিত্তিতে জনসমক্ষে প্রকাশ পাবে। চলতি বছরটি বড় ধরনের দুর্নীতির কেলেঙ্কারি এবং চাঞ্চল্যকর ফরেনসিক ভিডিও ফাঁসের মাধ্যমে চিহ্নিত হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%