Advertisement

বিসিসিআইয়ের নতুন পরিকল্পনায় ডিরেক্টর অফ ক্রিকেট পদে ভিভিএস লক্ষ্মণ

ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। বোর্ডের অন্দরমহলের খবর অনুযায়ী, ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ভিভিএস লক্ষ্মণকে ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ বা ক্রিকেট পরিচালক পদে নিয়োগের চিন্তাভাবনা করছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বা বিসিসিআই। বর্তমানে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের দায়িত্ব সামলানো লক্ষ্মণকে আরও বৃহত্তর পরিসরে যুক্ত করার লক্ষ্যেই এই পরিকল্পনা করা হয়েছে।

বিসিসিআইয়ের পরিকল্পনা সফল হলে, জাতীয় দলের কোচিং স্টাফ, নির্বাচক কমিটি এবং ক্রিকেট পরিকাঠামোর মধ্যে এক শক্তিশালী সেতুবন্ধন তৈরির দায়িত্ব থাকবে লক্ষ্মণের ওপর। বিভিন্ন স্তরের ক্রিকেট কাঠামোকে এক ছাতার তলায় নিয়ে আসার পাশাপাশি ভবিষ্যতের প্রতিভাবান ক্রিকেটারদের প্রস্তুত করার কাজটিও তিনি তদারকি করবেন। আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠেয় বোর্ড বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

একই সময়ে জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকরের ভবিষ্যৎ নিয়েও চলছে নানামুখী জল্পনা। চলতি বছরের সেপ্টেম্বরে তার বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, বিসিসিআই তাকে ২০২৭ সালের জুন মাস পর্যন্ত দায়িত্ব বহাল রাখার কথাও বিবেচনা করছে। ফলে নির্বাচক কমিটিতে বড় কোনো পরিবর্তন আসবে কি না, তা নিয়ে এখনই কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

বর্তমানে লক্ষ্মণ বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান হিসেবে হাই-পারফরম্যান্স প্রোগ্রাম, ক্রিকেটারদের পুনর্বাসন প্রক্রিয়া এবং দক্ষতা উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন। রাহুল দ্রাবিড়ের বিদায়ের পর জাতীয় দলের হেড কোচ হওয়ার প্রস্তাব থাকলেও ব্যক্তিগত কারণে তিনি সেই দায়িত্ব গ্রহণ করেননি, বরং পরিকাঠামো উন্নয়নের কাজে নিজেকে নিবেদিত রেখেছেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে তার কোচিংয়ে তরুণ ভারতীয় দল ৩-০ ব্যবধানে জয় পাওয়ায় তার সাংগঠনিক সক্ষমতা নিয়ে বোর্ডের আস্থা আরও বেড়েছে।

বিজ্ঞাপন

আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড এখন দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর গুরুত্ব দিচ্ছে। ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে লক্ষ্মণের মতো অভিজ্ঞ কাউকে নিয়োগ দেওয়া হলে ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে জাতীয় দল পর্যন্ত প্রতিটি স্তরে ইতিবাচক সমন্বয় তৈরি হতে পারে। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তাই পুরো বিষয়টি আপাতত জল্পনার বৃত্তেই সীমাবদ্ধ রয়েছে।

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%