সিলেটে হামের প্রকোপে আরও দুই শিশুর মৃত্যু মোট সংখ্যা বেড়ে ১৩৩

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো গোয়াইনঘাট উপজেলার সাত মাস বয়সী শিশু ইয়াসিন এবং সুনামগঞ্জের পাঁচ মাস বয়সী মো. সাইফান। এই দুই মৃত্যুর মধ্য দিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে, যাদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং ১৩২ জনই শিশু।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মৃতদের মধ্যে সিলেট জেলায় ৪৮ জন, সুনামগঞ্জে ৫৫ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং হবিগঞ্জে ১৭ জন রয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৮০ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৯ জন হাসপাতালে ভর্তি হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে।
স্বাস্থ্য বিভাগের পর্যালোচনায় দেখা গেছে, আক্রান্তদের মধ্যে প্রায় ৯৫ শতাংশ শিশুই টিকা গ্রহণ করেনি। অসচেতনতা ও কুসংস্কারের কারণে অনেক অভিভাবক শিশুদের নির্দিষ্ট সময়ে টিকার আওতায় আনেননি। এছাড়া সিলেটের সীমান্তবর্তী এলাকা ও সুনামগঞ্জের দুর্গম যোগাযোগব্যবস্থা এবং স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে এসব অঞ্চলে আক্রান্ত ও মৃত্যুর হার তুলনামূলকভাবে বেশি।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, রোগটির প্রকোপের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পর্যায় অতিবাহিত হলেও উপসর্গের প্রকৃতিতে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় টিকাদান কর্মসূচি জোরদারের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। এ ঘটনায় স্থানীয়রা ও নিহতের পরিবার দ্রুত সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
