বালুচিস্তানে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলা, আহত ৬ পুলিশ সদস্য

পাকিস্তানের বালুচিস্তানে সশস্ত্র হামলাকারীদের অতর্কিত গুলিবর্ষণের ঘটনায় অন্তত ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। প্রদেশটির মাস্তুং জেলায় প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়া লাঙ্গুর গাড়িবহরে এই হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় মন্ত্রী অক্ষত রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
মাস্তুং পুলিশের ভাষ্যমতে, স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়া লাঙ্গু কালাত থেকে কোয়েটার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাস্তুং জেলার খাদকোচা এলাকার গুরু নামক স্থানে পৌঁছালে আগে থেকে ওতপেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা তার বহর লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে উভয় পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিট ধরে ব্যাপক গুলিবিনিময় চলে।
পাকিস্তানের স্বরাষ্ট্র বিষয়ক সহকারী বাবর ইউসুফজাই জানিয়েছেন, পুলিশ সদস্যরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে আক্রমণকারীদের প্রতিহত করেছেন। হামলার পরপরই সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অপরাধীদের খুঁজে বের করতে এবং তাদের বিচারের আওতায় আনতে বর্তমানে এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আহত পুলিশ সদস্যদের দ্রুত উদ্ধার করে স্থানীয় নবাব ঘউস বখশ রাইসানি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ সানা মালিক জানিয়েছেন, ছয়জন আহত পুলিশ সদস্যকে ভর্তি করা হয়েছে, যার মধ্যে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে দ্রুত কোয়েটায় স্থানান্তর করা হয়েছে।
এ হামলার ঘটনার প্রতিক্রিয়ায় পাকিস্তানের বালুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়া লাঙ্গু এক বিবৃতিতে জানিয়েছেন, এ ধরনের কাপুরুষোচিত কর্মকাণ্ড তার মনোবল ভাঙতে পারবে না। তিনি এ হামলাকে নিছক ‘পটকা’ বা ছোটখাটো ঘটনা হিসেবে আখ্যায়িত করে বলেন, এসব ভীতি প্রদর্শন করে তাকে দমানো সম্ভব নয়।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
